সাভারের ফাইলেরিয়া হাসপাতাল প্রকল্পের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক ও ঠিকাদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) উপপরিচালক মো. রাশেদুল ইসলাম মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন ঠিকাদার ও রাকাব ট্রেড করপোরেশনের মালিক মো. হাবিবুর রহমান, তার স্ত্রী নাসিমা আক্তার, প্রকল্প পরিচালক ও সাবেক ডেপুটি চিফ এএনএম রোকনুদ্দিন, সাবেক প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, আইএসিআইবির সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল হক, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. সাব্বির ইমাম, সারা ট্রেড করপোরেশন ও উপকূল ট্রেডার্সের মালিক হেলালউদ্দিন, জীবন আফরোজ এন্টারপ্রাইজের মালিক কাজী বোরহান সাদেক মামুন, আইএসিআইবির সাবেক ম্যানেজার (অর্থ ও হিসাব) ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব খাজা আবদুল্লাহ আল ফুয়াদ এবং মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজের মালিক মো. জহিরুল হায়দার।










