স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন বাস্তবায়নও করে। আমারা বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার আদলে গড়ে তুলতে চাই। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছাতে পারবে।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতু ও ইছাখালী সেতু নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বহুমুখী উন্নয়নের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। যে দেশের কোনো সম্ভাবনা ছিল না, সেই দেশ আজ উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, নারায়ণগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম মিয়া প্রমুখ।