চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছ। তিনি বর্তমান চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের স্থলাভিষিক্ত হবেন।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। ২০১৯ সালে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এম জহিরুল আলম দোভাষকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছিল। পরে ২০২১ সালে দ্বিতীয় দফায় তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা-৭ অনুযায়ী মোহাম্মদ ইউনুছকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
মোহাম্মদ ইউনুছ ১৯৫৫ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৮০-১৯৮২ মেয়াদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে ইউনুছ চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব এবং বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা ফোরাম ’৭৫-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।










