লিভারপুলের ড্রয়ের সুযোগ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অল রেডদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গিয়ে শিরোপার সম্ভাবনা উজ্জ্বল করল ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে ঘরের মাঠে নিউক্যাসলকে ৫-০ গোলে হারায় পেপ গার্দিওলার দল। এ জয়ের পর ৩৫ ম্যাচে ৮৬ পয়েন্ট হলো সিটিজেনদের, সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৩।
শনিবার টটেনহামের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিভারপুল। তাতে এগিয়ে যাওয়ার সুযোগ আসে সিটির সামনে। সুযোগটি দারুণভাবে কাজে লাগাল গার্দিওলার শিষ্যরা। দলটির হয়ে গোল করেন রহিম স্টার্লিং (২টি), আইমেরিক লাপোর্তে, রদ্রি ও ফিল ফডেন।
এদিকে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার আশা উজ্জ্বল হলো আর্সেনালের। গতকাল ঘরের মাঠ এমিরেটসে গানাররা ২-১ গোলে লিডস ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকা প্রায় নিশ্চিত করল।
এ জয়ের পর ৩৫ ম্যাচে আর্সেনালের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৬ পয়েন্ট। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তাদের পরই টটেনহাম। চেলসি ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে। প্রিমিয়ার লিগ থেকে চতুর্থ ও শেষ টিকিটের জন্য মূলত লড়াই হবে আর্সেনাল ও টটেনহামের মধ্যে, যদিও ৪ পয়েন্ট এগিয়ে থেকে এখানে অনেকটাই ফেভারিট আর্সেনাল। বৃহস্পতিবার টটেনহামের মাঠে উত্তর লন্ডন ডার্বি জিতলে আর্সেনালের আর কোনো বাধাই থাকবে না। আর সেদিন স্পার্সরা জিতলে মীমাংসা হবে শেষ রাউন্ডে।
তরুণ খেলোয়াড় এডি এনকেতিয়ার জোড়া গোলে ম্যাচের ১০ মিনিটেই সংহত অবস্থান গড়ে দেয় আর্সেনাল। এরপর লুক আইলিং ২৭ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আর্সেনাল আরো সুবিধা পায়। ৬৬ মিনিটে দিয়েগো লরেন্তে এক গোল পরিশোধ করলেও আর্সেনালের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিতে পারেনি লিডস।










