বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় গভর্নর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে চীনের প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধির আহ্বান জানান।
এছাড়া, গভর্নর বাংলা কিউআর বাস্তবায়নে চীনের সিংগেল কিউআর ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কামনা করেন।
চীনের রাষ্ট্রদূত বিদেশী বিনিয়োগ আরো সহজীকরণের ওপর গুরুত্বারোপ করলে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলে বিদেশী বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগের অর্থ ও মুনাফা নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন। তিনি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে অধিক চীনা বিনিয়োগেরও আহ্বান জানান।
বৈঠকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কনস্যুলার সং ইয়াং এবং অ্যাটাশে ওয়েন জিনহুয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।










