বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরের পশুর নদে চরে আটকা পড়েছে ৮০০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ। ডেক ফেটে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এমভি জুমায়রা-১ নামের জাহাজটি নদের চরকানা এলাকায় আটকা পড়েছে। জাহাজে ১২ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। জাহাজের মাস্টার ফারুক গাজী অবশ্য জানিয়েছেন, সবাই নিরাপদে আছেন। ডেক ফেটে গেলেও জাহাজের ভেতরে পানি ঢোকেনি।

মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৫ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশী জাহাজ এমভি পিথাগোরাস থেকে ৮০০ টন কয়লাবোঝাই করে সকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশে কার্গোটি ছেড়ে আসে। পথে পশুর নদের চরকানা এলাকায় ডুবোচরে আটকে দুই পাশের ডেক ফেটে যায়। তখন জাহাজটিকে দ্রুত চরে উঠিয়ে দেন বলে জানান মাস্টার ফারুক গাজী। সে কারণেই নদে ডুবে যায়নি এমভি জুমায়রা-১। ভেতরে পানিও প্রবেশ করেনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ জানান, জাহাজটি ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে।