নারায়ণগঞ্জের পাইকপাড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন আনিছুর রহমান ওরফে আজাদ ওরফে সাইফ আল আজাদ (২৫) ও মাওলানা মুফতি আতিক উল্লাহ ওরফে আবু ইসমাইল ওরফে মানজুম আতিক (২৯)।

গতকাল সকালে র্যাব-১১ আদমজীনগর কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য ও দাওয়াতি শাখার সমন্বয়কারী হিসেবে কাজ করে আসছিলেন তারা। তারা জেএমবির আধ্যাত্মিক নেতা আতিকুল্লাহর মাধ্যমে জেএমবিতে যোগদান করেন। তারা ফেসবুকে গ্রুপ আইডি খুলে অনলাইনে বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সঙ্গে যোগাযোগ করে অনলাইন থেকে উগ্রবাদী বই ও ভিডিও ডাউনলোড করে বিতরণ করতেন। এছাড়া সদস্য সংগ্রহের লক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতি শাখার কাজ করে আসছিলেন তারা। তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার বৈঠকে মিলিত হন। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।