নাটোরে তিনজনসহ সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
নাটোর: নাটোরে ধানবাহী ও মাটি বহনকারী ট্রাক্টরচাপায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই শ্রমিক। গত সোমবার রাতে গুরুদাসপুরে এবং গতকাল সকালে সিংড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আরমান আলী (১৫)। সে সিংড়া পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার গোলাম মোস্তফার ছেলে ও সিংড়া দমদমা পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। অন্যজন বাদল প্রামাণিক (৩০)। তিনি সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার গোলবর প্রামাণিকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকালে শখ করে মামার ট্রাক্টর নিয়ে ছোট চোউরগাড়ি বিলে ধান আনতে যায় আরমান। ধান বোঝাই করে ফিরে আসার সময় নিচু জমি থেকে মূল সড়কে উঠতে গিয়ে ট্রাক্টর উল্টে যায়। এতে সে ছিটকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ধানকাটা দুই শ্রমিকও আহত হন।
সিংড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ধানবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অন্যদিকে গুরুদাসপুরে পুকুর খননকাজে ব্যবহৃত মাটিবাহী একটি ট্রাক্টরচাপায় বাদল প্রামাণিক নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মশিন্দা চরপাড়ার টেওশাগারী বিলে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল: কালিহাতীতে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল ভোর ৫টার দিকে সরাতৈল টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক মারা যান।
গাইবান্ধা: সাদুল্যাপুরে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় জাহেরা বেগম (৫৫) নামে এক ভ্যান আরোহী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী সৈয়দ আলী (৬০) ও সাত বছরের নাতি গুরুতর আহত হন। গত সোমবার রাতে উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেরা বেগমের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামে।










