গ্রিন ইন্ডাস্ট্রি স্থাপন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত অংশগ্রহণমূলক চুক্তিতে আবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক একেএম নুরুননবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, স্কিম দুটির মাধ্যমে গ্রিন ইন্ডাস্ট্রি স্থাপন ও আইসিটি খাতের বিভিন্ন প্রকল্পে স্বল্প ব্যয়ে অর্থায়নের সুযোগ তৈরি করছে বাংলাদেশ ব্যাংক। অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক টেকসই শিল্প উন্নয়ন ও আইসিটি-সংশ্লিষ্ট উদ্যোগে বিনিয়োগকারী যোগ্য উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অর্থায়ন সুবিধা দেবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ ব্যাংকের দুটি স্কিমে অংশগ্রহণ টেকসই অর্থায়ন, দায়িত্বশীল ব্যাংকিং ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি প্রাইম ব্যাংকের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে। এর মাধ্যমে সবুজ শিল্পচর্চা গ্রহণ, পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নে উদ্যোক্তাদের সহায়তা করার লক্ষ্য রয়েছে।










