এসব অফিস ইউনিট ডেলিভারি দেয়ার দিনই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চালু করা সম্ভব। সম্প্রতি এক বিবৃতিতে কোম্পানিটি এ তথ্য জানায়।
কারমড কাবিনের মহাব্যবস্থাপক জেকাই কুচুক জানান, তাদের তৈরি ‘মেট্রোপোল’ অফিস মডেলটি বাঁধ নির্মাণ, খনি প্রকল্প, বনায়ন কার্যক্রম ও জাতীয় উদ্যানের মতো প্রত্যন্ত অঞ্চলের জন্য অত্যন্ত কার্যকর। কাঠামোটির সবচেয়ে বড় সুবিধা হলো এর সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া কারখানায়ই সম্পন্ন হয়। ভবনের দেয়াল, ছাদ, ইনসুলেশন বা তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ ও প্লাম্বিং লাইনের সব কাজ কারখানায় শেষ করা হয়। ফলে প্রকল্প এলাকায় আলাদা করে কোনো নির্মাণকাজের প্রয়োজন হয় না। এটি গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলে দক্ষ শ্রমিকের অভাবজনিত সমস্যার একটি সহজ সমাধান।
কোম্পানিটি জানায়, সহজে পরিবহন ও দ্রুত স্থাপনের বিষয়টি মাথায় রেখেই এসব অফিস নকশা করা হয়েছে। মেট্রোপোল কেবিনের ৩২ বর্গমিটার পর্যন্ত আকারের সাতটি ভিন্ন সাইজ রয়েছে। এগুলো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় পাঠানো হয় ও প্রকল্প এলাকায় নামানোর পর পরই ব্যবহার করা যায়। বড় কর্মক্ষেত্রের জন্য রয়েছে ৪২ ও ৫৪ বর্গমিটারের মডেল। এগুলো দুটি মডিউলে বিভক্ত করে একটি মাত্র ট্রাকে করেই পরিবহন করা সম্ভব। কোম্পানির কর্মীরা তুরস্কের যেকোনো স্থানে ডেলিভারির দিনই এগুলো জোড়া লাগিয়ে দিতে পারেন। ট্রাক থেকে নামানোর পর মাত্র ২-৩ ঘণ্টার মধ্যে ৪২ বা ৫৪ বর্গমিটারের অফিসগুলো পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়ে যায়।
কারমড কাবিনের দাবি, হালকা স্টিল কাঠামোর অফিসগুলো মূলত পুনর্ব্যবহারযোগ্য (রিসাইক্লেবল) উপাদান দিয়ে তৈরি। এছাড়া পরিবেশের ক্ষতি না করে এগুলোকে সৌর ও বায়ু শক্তি ব্যবস্থার সঙ্গে সহজেই যুক্ত করা যায়। জেকাই কুচুক বলেন, ‘দীর্ঘস্থায়িত্ব, সহজে স্থানান্তরযোগ্যতা ও পুনর্ব্যবহারযোগ্য হওয়ার কারণে আমাদের মেট্রোপোল কেবিনগুলো পরিবেশবান্ধব আবাসন সমাধান হিসেবে অনন্য। আমরা খনি, বাঁধ বা বনায়ন প্রকল্পের মতো দূরবর্তী ফিল্ড অপারেশনগুলোর জন্য নিরাপদ ও ব্যবহারিক অফিস নিশ্চিত করছি।’"










