তাপ সংবেদনশীল হওয়ায় স্টারবাকস-ব্র্যান্ডেড ৪ লাখ ৪০ হাজারের বেশি মগ ফিরিয়ে নিতে বলেছে ইউএস কনজিউমার প্রডাক্ট সেফটি কমিশন (সিপিএসসি)। মার্কিন নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, মাইক্রোওয়েভে ব্যবহার বা বেশি গরম পানীয় দিয়ে পূর্ণ করলে মগগুলো ভেঙে যাচ্ছে। মগের হাতল অতিরিক্ত গরম হয়েও ঘটেছে দুর্ঘটনা। খবর রয়টার্স।
এরই মধ্যে দুর্ঘটনার বেশকিছু অভিযোগ পেয়েছে সিপিএসসি। মগ অতিরিক্ত গরম বা ভেঙে যাওয়ার ডজন খানেক ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এতে গুরুতরভাবে পুড়ে যাওয়ার পাশাপাশি আঙুল ও হাতে ফোসকা পড়া বা কেটে যাওয়ার ঘটনা ঘটেছে। ওইসব আঘাতের ফলে ভুক্তভোগীদের চিকিৎসা নিতে হয়েছিল। এর পরই সিপিএসসি ক্রেতাদের কাছ মগ তুলে নেয়ার ও দাম ফেরত দেয়ার নির্দেশ দেয়।
প্রতিবেদনে বলা হচ্ছে, সিরামিকের তৈরি মগের ওপর ধাতব প্রলেপ দেয়া হয়েছে। তবে নির্দিষ্ট পানীয় উপকরণসহ হলিডে মগের সেটগুলো স্টারবাকসের কোনো স্টোরে বিক্রি হয়নি। টার্গেট, ওয়ালমার্ট ও নেক্সকমের মতো রিটেইল চেইন এবং অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করেছে নেসলে ইউএসএ। উপহার সেটগুলো ২০২৩ সালের নভেম্বর-জানুয়ারি পর্যন্ত বিক্রি হয়েছে। তিনটি ভিন্ন ডিজাইনের মগের দাম ছিল ১০-২০ ডলারের মধ্যে।
সিপিএসসি বলেছে, অবিলম্বে গ্রাহককে এসব মগ ব্যবহার বন্ধ করা উচিত। নইলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
কমিশন ক্রেতাদের উদ্দেশে আরো জানায়, যেসব স্টোর বা অনলাইন সংস্থা থেকে মগ কেনা হয়েছিল, সেখানে ফেরত দিতে হবে। ফেরত দেয়া মগের জন্য অর্থ পরিশোধ করবে বাজারজাতকারী প্রতিষ্ঠান নেসলে ইউএস। এ ফুড জায়ান্টের ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম পূরণ করে এ বিষয়ে প্রতিকার পাওয়া যাচ্ছে বলেও জানানো হয়।










