বিশ্ববাজারে কৃষিপণ্য সরবরাহে নিজেদের অবস্থান আরো জোরদার করছে রাশিয়া।
চলতি বছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশটি ১ হাজার ৯২৩ কোটি ৬০ লাখ ডলার মূল্যের কৃষিপণ্য রফতানি করেছে।
গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ১৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের এগ্রোএক্সপোর্ট সেন্টার এ তথ্য জানিয়েছে।
খবর এপিকে-ইনফর্ম।
এগ্রোএক্সপোর্ট সেন্টারের দেয়া তথ্যমতে, রাশিয়া কৃষিপণ্যের মধ্যে সবচেয়ে বেশি রফতানি করেছে খাদ্যশস্য।
জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশটি ৫৫৯ কোটি ৫০ লাখ ডলারের খাদ্যশস্য রফতানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ বেশি।
ফ্যাট ও তেলজাতীয় পণ্য রফতানি ৪২ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪৩৪ কোটি ৪০ লাখ ডলারে উন্নীত হয়েছে।
এ সময় ২৫৬ কোটি ১০ লাখ ডলারের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি করা হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেশি।
রাশিয়ার মাংস ও দুগ্ধপণ্য রফতানি বেড়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।
রাশিয়ার কৃষিপণ্যের প্রধান রফতানি গন্তব্য ছিল তুরস্ক।
এসব কৃষিপণ্যের ১২ দশমিক ৪ শতাংশই তুরস্কে রফতানি করা হয়েছে।
দেশটিতে রাশিয়ান পণ্যের আমদানি বেড়েছে ২৮ দশমিক ৬ শতাংশ।










