ভারতের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে নিম্নমুখী ধারা অব্যাহত আছে। জুলাইয়ে উত্তোলন ৩ শতাংশেরও বেশি কমেছে। রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি উত্তোলন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়নি।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের জুলাইয়ে দেশটি ২৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ৩ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। বছরের এপ্রিল-জুলাই পর্যন্ত উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ লাখ টনে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ৩ দশমিক ৩৭ শতাংশ হ্রাস পেয়েছে।

ভারতের সর্ববৃহৎ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি)। জুলাইয়ে প্রতিষ্ঠানটি ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। গত বছরের জুলাইয়ের চেয়ে উত্তোলন ৪ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতিষ্ঠানটির উত্তোলন লক্ষ্যমাত্রা ছিল ১৭ লাখ টন। সে হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ কম উত্তোলন করতে সক্ষম হয়েছে ওএনজিসি। এপ্রিল-জুলাই পর্যন্ত উত্তোলন ৪ দশমিক ৮ শতাংশ কমে ৬৪ লাখ টনে নেমেছে।

জ্বালানি পণ্যের চাহিদা বাড়তে থাকায় জুলাইয়ে পরিশোধন বাড়িয়েছেন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধক কোম্পানিগুলো। গত মাসে পরিশোধিত জ্বালানি তেলের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৯৪ লাখ টনে। এক বছরের ব্যবধানে পরিশোধনে ৯ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি এসেছে।