চলতি মৌসুমে রাশিয়ার গম রফতানি হ্রাসের পূর্বাভাস মিলেছে। এ সময় আন্তর্জাতিক বাজারে দেশটির গম রফতানি গত মৌসুমের তুলনায় ৩২ লাখ টন কমতে পারে। রাশিয়ার কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সোভেকন এ পূর্বাভাস দিয়েছে।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে রাশিয়া ৩ কোটি ৩৯ লাখ টন গম রফতানি করতে সক্ষম হবে। পূর্বাভাস সত্য হলে এটি হবে ২০১৬-১৭ মৌসুমের পর সর্বনিম্ন রফতানি।

বর্তমানে রাশিয়ার রফতানি কার্যক্রম মন্থরগতিতে অগ্রসর হচ্ছে। এছাড়া বিশ্ববাজারে অন্যান্য রফতানিকারক দেশের সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে। এসব কারণেই দেশটির গম রফতানি মন্দা পরিস্থিতির মধ্যে পড়েছে।

এদিকে শুধু রফতানি নয়, বরং গম উৎপাদন কমে যাওয়ার পূর্বাভাসও দিয়েছে সোভেকন। প্রতিষ্ঠানটি জানায়, চলতি মৌসুমে রাশিয়ায় ৭ কোটি ৬৪ লাখ টন গম উৎপাদন হবে। এর আগে প্রতিষ্ঠানটি ৮ কোটি ২৩ লাখ টন গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, আগস্টসহ আগামী কয়েক মাসেও রফতানি নিম্নমুখী থাকবে। আগস্টে ৪৩ টন গম রফতানির সম্ভাবনা রয়েছে রাশিয়ার। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ৯ শতাংশ কমতে পারে। এছাড়া ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশে গমের বাম্বার ফলন হওয়ায় গমের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা আরো বাড়বে।