চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এনআরবিসি ব্যাংক পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৫৮ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ১০ পয়সা। এ সময়ে একক হিসাবে ব্যাংকটির ইপিএস ১৬ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৯ পয়সা। এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এনআরবিসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগ আয় বৃদ্ধি ও আয়কর প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা কমে আসায় এ আয় বেড়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৭ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে তা ছিল ১৬ টাকা ৭৪ পয়সা। এ সময়ে সমন্বিত নিট সম্পদমূল্য ১ হাজার ৩৮৭ কোটি ১৩ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪৪৭ কোটি ২৮ লাখ টাকা। সংবিধিবদ্ধ সঞ্চিতি ও সংরক্ষিত আয় বৃদ্ধির ফলে নিট সম্পদমূল্য বেড়েছে বলে জানিয়েছে এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ।

সভায় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক; অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ এবং স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান; উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা মো. শাহীন হাওলাদার; প্রধান আর্থিক কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. ফিরোজ আহমেদ।