চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিতভাবে ২ হাজার ১২১ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এর আগে ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ১ হাজার ৫৩৬ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ। একই সময়ে এককভাবে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা ৫০ শতাংশ বেড়ে ১ হাজার ৫৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ব্যাংকটির ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে একক নিট মুনাফা ছিল ১ হাজার ৫৫ কোটি টাকা। এদিকে ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্র্যাক ব্যাংকের গ্রাহক আমানত ১৬ শতাংশ ও ঋণ ৭ শতাংশ বেড়েছে।
আর্থিক ফলাফল অনুযায়ী, আলোচ্য নয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভি) ২০২৫ সালের ডিসেম্বরের ৪৪ টাকা ৮৪ পয়সা থেকে বেড়ে ৫৬ টাকা ৪০ পয়সা হয়েছে। সমন্বিত রিটার্ন অন ইকুইটি (আরওই) ও রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) দাঁড়িয়েছে যথাক্রমে ২০ দশমিক ২৮ ও ১ দশমিক ৬৫ শতাংশে। সুদ আয় ও সুদ-বহির্ভূত আয় বৃদ্ধির ফলে মোট সমন্বিত আয় বেড়েছে ২৬ শতাংশ।
এদিকে ব্র্যাক ব্যাংকের পরিচালন দক্ষতারও উন্নতি হয়েছে। ব্যয় নিয়ন্ত্রণ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরের ফলে কস্ট টু ইনকাম অনুপাত ২০২৫ সালের ৪৬ শতাংশ থেকে কমে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৪১ শতাংশে নেমেছে। একই সময়ে খেলাপি ঋণের হার ২ দশমিক ২৭ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির গ্রাহক আমানত দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকার বেশি। ঋণের পরিমাণ ৭৭ হাজার ৯৪৭ কোটি টাকা। সব মিলিয়ে ফান্ড আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ ১ লাখ ৮১ হাজার ৩৮ কোটি টাকা ছাড়িয়েছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্যবসায়িক মডেলের শক্তি, সুশাসন ও সুশৃঙ্খল কর্মপরিকল্পনার প্রতিফলন এ আর্থিক সাফল্য। গ্রাহকদের আস্থার কারণে খেলাপি ঋণের হার কম রেখে ব্যাংক খাতের গড় প্রবৃদ্ধির চেয়ে এগিয়ে থাকা সম্ভব হয়েছে।’
তিনি আরো বলেন, ‘পরিচালনা পর্ষদের কৌশলগত দিকনির্দেশনা, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা এবং কর্মীদের সহায়তায় এ সাফল্য এসেছে।’ সুশাসন, উদ্ভাবন, স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান বজায় রেখে প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ব্যাংকটির শীর্ষ নির্বাহী।










