কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক পিএলসি। এ তহবিল থেকে মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসা পরিচালনা করতে না পারা সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবে। এনসিসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ হাজার কোটি টাকার ‘সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড’ গঠন করা হয়। এ তহবিলের লক্ষ্য সিএমএসএমই খাতে চলতি মূলধনের সংকট দূর করে উৎপাদন ও ব্যবসা কার্যক্রম সচল রাখা এবং কর্মসংস্থান বাড়ানো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










