পাম অয়েল আমদানিনির্ভর দেশ রাশিয়া।
চলতি বছরের প্রথমার্ধে দেশটির পাম অয়েল আমদানি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
মহামারীর সংকট কাটিয়ে অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হওয়ায় ভোগ্যপণ্যটির চাহিদা বাড়ছে।
মূলত এ কারণেই পাম অয়েল ক্রয়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছে রাশিয়ার আমদানিকারক প্রতিষ্ঠানগুলো।
রাশিয়ার ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিকস সার্ভিস (রোস্ট্যাট) এ তথ্য জানিয়েছে।
খবর এপিকে-ইনফর্ম।
চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ লাখ ২৯ হাজার টন পাম অয়েল আমদানি করে।
গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ১২ শতাংশ বেড়েছে।
করোনাকালীন বিধিনিষেধ শিথিল হতে থাকায় দেশটির হোটেল-রেস্টুরেন্ট খুলছে।
ভ্রমণের পরিমাণও বাড়ছে।
এ কারণে ভোজ্যতেলের চাহিদায় উল্লম্ফন দেখা দিয়েছে।
এদিকে পাম অয়েল আমদানি বাড়লেও হ্রাস পেয়েছে তাজা ও হিমায়িত মাংস আমদানির পরিমাণ।
প্রথমার্ধে মাংস আমদানি ১২ দশমিক ৭ শতাংশ কমে ১ লাখ ১৭ হাজার টনে নেমেছে।
তবে দেশীয় চাহিদা মেটাতে মাখন আমদানি বাড়িয়েছে রাশিয়া।
বছরের প্রথম ছয় মাসে দুগ্ধপণ্যটির আমদানি ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫৯ হাজার ১০০ টনে উন্নীত হয়েছে।
হাঁস-মুরগির মাংস আমদানি দশমিক ৬ শতাংশ বেড়ে ১ লাখ ১১ হাজার টনে পৌঁছেছে।










