যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্কবিরোধে সাময়িক বিরতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সপ্তাহ ভিত্তিতে তামার দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) তা ঊর্ধ্বমুখী হয়েছে প্রায় ১ শতাংশ। তবে দীর্ঘমেয়াদে ধাতবপণ্যটির চাহিদা নিয়ে উদ্বেগ থাকায় পণ্যটির দাম উল্লেখযোগ্য বাড়েনি। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইতে সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার তামার দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ৫৮৫ ডলারে। অন্যদিকে সাংহাইয়ে এ সময় ধাতবপণ্যটির দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৭৮ হাজার ৪৩০ ইউয়ানে (প্রায় ১০ হাজার ৮৮৯ ডলার ৪৩ সেন্ট)।

সাংহাইভিত্তিক এক ধাতবপণ্য বিশ্লেষক বলেন, ‘চীনের ব্যবসায়ীরা ৯০ দিনের শুল্ক বিরতি নিয়ে খুশি। তবে ৯০ দিনের পর কী হবে তা নিয়ে বাজারে অনিশ্চয়তা রয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘চীনের রফতানিকারকরা মালামাল দ্রুত রফতানি করছেন। এটি অনিশ্চয়তার ইঙ্গিত।’