গত ২৫ আগস্ট মডার্ন গ্রিন সিটি পার্ক অ্যান্ড রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডেল্টা লাইফ ২০১৭ সাল থেকে প্রতি বছর মাঠপর্যায়ের নারী বিপণন কর্মীদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মেলনের আয়োজন করে আসছে। এবারের সম্মেলনে সারা দেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যতা অর্জনকারী প্রায় ৪০০ নারী কর্মী অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য আদিবা রহমান। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমডি আনোয়ারুল হক, ডিএমডি অ্যান্ড সিএফও মিল্টন বেপারি, এএমডি অ্যান্ড অ্যাকচুয়ারি আফরিন হক এবং ইভিপি (উন্নয়ন প্রশাসন) মো. ফরহাদ জলিল। এছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আদিবা রহমান বলেন, ‘একজন নারী হিসেবে আমি গর্বিত যে ডেল্টা লাইফে আমরা সবসময় নারীবান্ধব পরিবেশ রাখতে সক্ষম হয়েছি। যেকোনো মূল্যে এ ধারা অব্যাহত থাকবে। এ বছর যে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করে আপনারা এখানে সমবেত হয়েছেন, আগামী বছরে তার দ্বিগুণ ব্যবসা করে আরো অধিকসংখ্যক কর্মী নিয়ে আনন্দঘন পরিবেশে নারী কর্মী সম্মেলন উদযাপন করবেন।’

সভাপতির বক্তব্যে উত্তম কুমার সাধু বলেন, ‘ডেল্টা লাইফের অগ্রযাত্রায় আমাদের নারী সহকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র বীমা কার্যক্রমের মাঠপর্যায়ে তাদের অংশগ্রহণ ও সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। তাদের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও নিরলস প্রচেষ্টা শুধু প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যই নিশ্চিত করছে না, বরং অসংখ্য মানুষের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার পথও সুগম করছে।’

সম্মেলনে মাঠপর্যায়ে কাজের সাফল্যের স্বীকৃতি হিসেবে ২১ নারী কর্মীকে পদক ও সনদ দেয়া হয়। এছাড়া দীর্ঘ কর্মকালীন অবদানের জন্য পাঁচ নারী কর্মীকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদ দেয়া হয়।

এবারের সম্মেলনে নারী কর্মীদের সাফল্যের গল্প ও বিভিন্ন আয়োজনের পাশাপাশি প্রথমবারের মতো কর্মীদের তৈরি পণ্যের সঙ্গে নিজ নিজ এলাকার প্রসিদ্ধ খাবার ও পণ্যসামগ্রী প্রদর্শনের জন্য ‘হাট বাজার’ স্টলের ব্যবস্থা করা হয়। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।