জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন বৃদ্ধির তথ্য মিলেছে। চলতি বছরের জুলাইয়ে ধাতুটির উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা পাঁচ মাসের মতো ধাতুটির উৎপাদন বৃদ্ধির ঘটনা ঘটেছে। জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন এ তথ্য জানিয়েছে।

জাপান বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ। গত বছরের জুলাইয়ের তুলনায় দেশটির অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়ে ৮০ লাখ ১০ হাজার টনে উন্নীত হয়েছে। তবে এক বছরের ব্যবধানে উৎপাদন বাড়লেও চলতি বছরের জুনের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কমেছে।

জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্পবিষয়ক মন্ত্রণালয় জানায়, অপরিশোধিত ইস্পাত উৎপাদনে প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) উৎপাদন গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৩০ দশমিক ১ শতাংশ বাড়তে পারে।