নগর জীবনের দ্রুত ও সহজ লেনদেন নিশ্চিত করতে নতুন প্রজন্মের এনএফসি ডেবিট স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। মাস্টারকার্ডের সহযোগিতায় চালু হওয়া এ কার্ড গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন পরিশোধের অভিজ্ঞতা দেবে। আজ সোমবার (২ মার্চ) প্রাইম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘ট্যাপইন’ স্টিকার কার্ডটি স্লিম ও নিরাপদ একটি পরিশোধ ব্যবস্থা। এটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য। কার্ডটি সহজেই স্মার্টফোন, মানিব্যাগ বা ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে সংযুক্ত করা যায়। ফলে গ্রাহকরা যেকোনো সময় ও স্থানে তাৎক্ষণিক স্পর্শের মাধ্যমে পরিশোধের সুবিধা পাবেন।
কার্ডটির স্লিম ও কমপ্যাক্ট নকশা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। এনএফসি-ভিত্তিক কনট্যাক্টলেস প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও সহজ লেনদেন করা যায়। এতে উন্নতমানের এনক্রিপশন ও ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে প্রতিটি লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। গ্রাহকেরা তাৎক্ষণিক লেনদেন বার্তা এবং তাৎক্ষণিক হিসাব তথ্য জানতে পারবেন। এতে আর্থিক নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বাড়বে।
দেশ ও বিদেশের বিক্রয়কেন্দ্রের টার্মিনাল, অনলাইন প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক বাজারে এই কার্ড ব্যবহার করা যাবে। পাশাপাশি মাইপ্রাইমের মাধ্যমে প্রাইম ব্যাংকের এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন করা যাবে।
উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী বলেন, ‘ট্যাপইন’ চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক পরিশোধ ব্যবস্থা দেয়ার অঙ্গীকার করেছে। পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনন্দিন লেনদেন সহজ করা এবং সর্বোচ্চ নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, গ্রাহকেরা এখন দ্রুত পরিবর্তনশীল জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিশোধ ব্যবস্থা প্রত্যাশা করেন। প্রাইম ব্যাংকের সঙ্গে ‘ট্যাপইন’ চালুর মাধ্যমে একটি স্মার্ট স্পর্শভিত্তিক সমাধান আনা হয়েছে, যেখানে সুবিধা, নিরাপত্তা ও নকশাকে একত্র করা হয়েছে। এ উদ্যোগ পরবর্তী প্রজন্মের জন্য ডিজিটাল পরিশোধ নিশ্চিত করা এবং দেশে কনট্যাক্টলেস লেনদেনের প্রসার বাড়ানোর অঙ্গীকারের প্রতিফলন।
গ্রাহকেরা নির্দিষ্ট কিছু প্রাইম ব্যাংক শাখা থেকে ‘ট্যাপইন’ স্টিকার কার্ড সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.tapinbyprime.com ঠিকানায়।
—বিজ্ঞপ্তি










