২০২১-২২ বিপণন মৌসুমের জন্য রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপাদনের পূর্বাভাস দিয়েছে ব্রাজিলের খাদ্য সরবরাহ ও পরিসংখ্যান এজেন্সি কোনাব। একই সঙ্গে চলতি মৌসুমে দেশটির ভুট্টা উৎপাদনের পরিমাণও আগের অবস্থানে ফিরে আসবে বলে জানায় সংস্থাটি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

চলতি বিপণন মৌসুমের জন্য ১৪ কোটি ১৩ লাখ টন সয়াবিন উৎপাদনের পূর্বাভাস দিয়েছে কোনাব। পূর্বাভাস অনুযায়ী, সয়াবিন উৎপাদনের এ পরিমাণ গত মৌসুমের তুলনায় ৫৩ লাখ টন বেশি এবং যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।

সাম্প্রতিক সময়ে ব্রাজিল তার অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে চীন থেকে আমদানির মাধ্যমে তারা ভোক্তা চাহিদা মেটানোর চেষ্টা করছে। চলতি বিপণন মৌসুমের জন্য দেশটির ভুট্টা উৎপাদনের পূর্বাভাস করা হয়েছে ১১ কোটি ৫৯ লাখ টন, যা গত বছর উৎপাদিত ভুট্টার তুলনায় ২৯ শতাংশ বেশি।

একই সময়ে ভুট্টার মজুদ ৯৯ লাখ টন দাঁড়াতে পারে বলে ধারণা করছে কোনাব। সংস্থাটি জানায়, এ সময়ে ভুট্টার রফতানি ২ কোটি ৩৫ লাখ টন থেকে বেড়ে ৩ কোটি ৯০ লাখ টনে পৌঁছাতে পারে।