চট্টগ্রামে আঞ্চলিক পরিবেশগত ও সামাজিক মূল্যায়ন (আরইএসএ) বিষয়ক মতবিনিময়
সভা অুনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থনৈতিক অঞ্চলের
জন্য এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য মাহবুব উর
রহমান, বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার
জনাব মো. তোফায়েল ইসলাম।
কর্মশালায় চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ সমীক্ষা প্রতিবেদন প্রণয়নের
জন্য বেজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পরিকল্পিত শিল্পায়নকে পরিবেশবান্ধব করতে এই প্রতিবেদন
গুণগত ভূমিকা পালন করবে।’
তিনি বলেন, ‘শিল্প নগরের বাইরের এলাকায় বিদ্যমান আবাসিক এবং ইন্ডাস্ট্রিয়াল
বেল্টকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আদলে একটি
ভিন্ন কর্তৃপক্ষ স্থাপন করা যেতে পারে।’
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর
দেশের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম, যা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে
অপরিমেয় ভূমিকা রাখবে।’
তিনি জানিয়েছেন, এ শিল্প নগরের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে
এবং সব সংস্থার সঙ্গে সমন্বয় সাধনে তিনি বিভাগের সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশনা
দিয়েছেন। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে তার প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, সরকার, সংশ্লিষ্ট
মন্ত্রণালয় বা বিভাগ এবং সব সংস্থার আন্তরিক প্রচেষ্টা ব্যতীত অর্থনৈতিক অঞ্চল স্থাপনে
কার্যকরী উদ্যোগ প্রায় অসম্ভব।
তিনি উল্লেখ করেন, একটি গতিশীল ব্যবস্থাপনা গড়ে তুলতে এই আরইএসএ প্রতিবেদন
কার্যকরী ভূমিকা রাখবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পের পরিচালক আরইএসএ প্রতিবেদনের
উল্লিখিত সামগ্রিক দিকগুলো আলোচনা ও উপস্থাপন করেন। তিনি সভায় বিভিন্ন সংস্থা থেকে আগত
প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের মতামত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পের
পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ ফারুক, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের
কর্মকর্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










