ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শনিবার এ আয়োজনের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, ‘আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ, আমানতকারীদের তহবিলের সুরক্ষা এবং ব্যাংকের সামগ্রিক সুশাসন জোরদার করার জন্য শ্রেণীকৃত বিনিয়োগ দ্রুত আদায় অত্যন্ত জরুরি।’ এ সময় তিনি খেলাপি বিনিয়োগ আদায়ে সঠিক আইনি কৌশল অবলম্বন, সময়মতো মামলা দায়ের এবং এর কার্যকর মনিটরিং ও ফলোআপের ওপর গুরুত্বরোপ করেন। পাশাপাশি চলমান ৯০ দিনব্যাপী ‘শ্রেণীকৃত বিনিয়োগ আদায় অভিযান’ সফল করতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে একক ও সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
কর্মশালায় ঢাকার অর্থঋণ আদালতের বিচারক ও যুগ্ম জেলা জজ মো. মোশাররফ হোসেন রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি আইনি প্রক্রিয়া, লিটিগেশনের সাধারণ চ্যালেঞ্জ, সঠিক নথিপত্র প্রস্তুতকরণ, ডিক্রি জারি এবং কার্যকর বিনিয়োগ আদায়ের জন্য নিষ্পত্তি ব্যবস্থার ওপর আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআইয়ের অধ্যক্ষ ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহিম দুয়ারী। এ সময় ব্যাংকের ইভিপি ও চিফ লিগ্যাল অফিসার সরাফত উল্লাহ; এসএভিপি এসএম জুলকার নাইন এবং পিও ও সমন্বয়কারী মো. শামীম উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ৫০ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।










