বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটের সব তফসিলি ব্যাংকের সহযোগিতায় এ সম্মেলনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে ট্রাস্ট ব্যাংক।
ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যেই ট্রাস্ট ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলনটির আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী-শিক্ষকসহ তফসিলি ব্যাংকের কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) আখলাসুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. মোহাম্মদ আব্দুল কাদির।
সম্মেলনে বক্তারা শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্টুডেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল আর্থিক ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।










