সাংহাই ফিউচার এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম দুই বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। শীর্ষ ভোক্তা চীনে চলতি বছর অ্যালুমিনিয়ামের চাহিদা ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে। প্রধানত সৌরবিদ্যুৎ প্রকল্প ও বৈদ্যুতিক যানবাহন খাতে এ ধাতব পণ্যের চাহিদা বাড়ছে, যা অ্যালুমিনিয়ামের মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলছে। খবর বিজনেস রেকর্ডার।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে গতকাল অ্যালুমিনিয়ামের দাম জুলাইয়ে সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় ৩ শতাংশ বেড়েছে। প্রতি টন অ্যালুমিনিয়ামের মূল্য দাঁড়িয়েছে ২১ হাজার ৯৩৫ ইউয়ানে (৩ হাজার ২৫ ডলার ৮৯ সেন্ট), যা ২০২২ সালের মার্চের পর থেকে রেকর্ড সর্বোচ্চ।

অন্যদিকে, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে গতকাল অ্যালুমিনিয়ামের দাম আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৫ ডলার ৫০ সেন্টে।

এদিকে গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১০ হাজার ৩৮২ ডলার ৫০ সেন্টে। নিকেলের দাম দশমিক ৮ শতাংশ কমে ২০ হাজার ৩৩৫ ডলারে নেমেছে। দস্তার দাম কমেছে দশমিক ২ শতাংশ। প্রতি টন কেনাবেচা হয়েছে ৩ হাজার ৯৭ ডলার ৫০ সেন্টে। টিনের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৩৩ হাজার ৭৪৫ ডলারে নেমেছে। সিসার দাম দশমিক ৮ শতাংশ কমে ২ হাজার ৩২ ডলারে নেমেছে।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে তামার দাম ১ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টন তামার মূল্য ৮৪ হাজার ইউয়ানে নেমেছে। টিনের দাম কমেছে দশমিক ৬ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৩১০ ইউয়ানে। নিকেলের দাম দশমিক ৯ শতাংশ কমে ১ লাখ ৫৩ হাজার ৯০০ ইউয়ানে নেমেছে। সিসার দাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৯১৮ ইউয়ান হয়েছে। তবে এ বাজারে দস্তার দাম দশমিক ২ শতাংশ বেড়ে ২৫ হাজার ১২০ ইউয়ানে পৌঁছেছে।