ওমানের রাজস্ব আয় বেড়েছে। এপ্রিল শেষে মোট রাজস্ব আয় হয়েছে ৪৩৯ কোটি ওমানি রিয়াল (১ হাজার ১৪০ কোটি ডলার)। ২০২২ সালের একই সময়ে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৪২২ কোটি ওমানি রিয়াল (১ হাজার ৯০ কোটি ডলার)। সে হিসাবে রাজস্ব আয়ের পরিমাণ ৪ শতাংশ বেড়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
জ্বালানি তেল থেকে মোট রাজস্ব আয়ের পরিমাণ বেড়েছে। পাশাপাশি সামগ্রিক ব্যবসা থেকেও রাজস্ব আয় বেড়েছে। মোট রাজস্ব আয়ের যথাক্রমে ৫৩ ও ২৭ শতাংশ এ দুটি খাত থেকে এসেছে। ওমানের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ফিসক্যাল পারফরম্যান্স বুলেটিন প্রকাশ করেছে। তা থেকে এসব তথ্য জানা যায়।
এপ্রিল শেষে জ্বালানি তেল থেকে মোট আয় হয়েছে ২৩১ কোটি ওমানি রিয়াল (৬১৫ কোটি ডলার)। ২০২২ সালে একই সময়ে জ্বালানি তেল থেকে মোট আয়ের পরিমাণ ছিল ২০৬ কোটি ওমানি রিয়াল। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ। জ্বালানি তেলের দাম বাড়ায় এ প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি তেল উৎপাদনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম ৮৪ ডলার। আর প্রতিদিন দেশটিতে ১০ লাখ ৬৪ হাজার ব্যারেল তেল উৎপাদন হয়।
তবে এপ্রিলের শেষে গ্যাস থেকে মোট আয়ের পরিমাণ কমেছে। গ্যাস থেকে পাওয়া মোট রাজস্ব আয়ের পরিমাণ ৯০ কোটি ৮০ লাখ ওমানি রিয়াল (২০০ কোটি ডলার)। গত বছরের একই সময়ের তুলনায় তা ১৫ শতাংশ কম। ২০২২ সালের এপ্রিল শেষে গ্যাস থেকে মোট আয় হয়েছিল ১০৭ কোটি ১০ লাখ ওমানি রিয়াল (২৮০ কোটি ডলার)।
চলতি বছরের এপ্রিল শেষে ওমানের রাজস্ব আয় হয়েছে ১১৭ কোটি ২০ লাখ ওমানি রিয়াল। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০৮ কোটি ডলার। সে হিসাবে মোট রাজস্ব আয় ৮ শতাংশ বেড়েছে।
পাশাপাশি সরকারি ব্যয়ও বেড়েছে। এপ্রিল শেষে মোট ব্যয়ের পরিমাণ ৩৮৭ কোটি ২০ লাখ ওমানি রিয়াল (১ হাজার কোটি ডলার)। ২০২২ সালের একই সময়ের তুলনায় সরকারি ব্যয় ১২ কোটি ৩০ লাখ ওমানি রিয়াল বা ৩ শতাংশ বেড়েছে। ওমানের বেসামরিক মন্ত্রণালয়গুলোর সাম্প্রতিক খরচ বাড়ার কারণে এমনটি হয়েছে।
ওমানের সাধারণ বাজেটে এপ্রিল শেষে উদ্বৃত্ত থেকেছে ৫২ কোটি ওমানি রিয়াল (১৩০ কোটি ডলার)। ২০২২ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৬ কোটি ৮০ লাখ ওমানি রিয়াল (১২০ কোটি ডলার)।










