চলতি বছরের জুনে ভারতের কয়লা আমদানির পরিমাণ ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টন।
২০২০ সালের একই সময়ের তুলনায় এ আমদানি প্রবৃদ্ধির দেখা মিলেছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে এ খবর দিয়েছে দ্য হিন্দু।
গত বছরের জুনে মোট ১ কোটি ২৫ লাখ ১০ হাজার টন কয়লা আমদানি করেছিল ভারত।
ভারতের শীর্ষস্থানীয় বিটুবি ই-কমার্স কোম্পানি এমজাংশন সার্ভিসেসের দেয়া পরিমার্জিত তথ্যের ভিত্তিতে এটি জানা যায়।
টাটা স্টিল ও স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের (এসএআইএল) যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান এমজাংশন কয়লা ও ইস্পাত শিল্প নিয়ে গবেষণা প্রতিবেদনও তৈরি করে থাকে।
এমজাংশন জানায়, চলতি বছরের জুনে ভারতের কয়লা আমদানির পরিমাণ দাঁড়ায় আনুমানিক ১ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টন, যা গত বছরের একই সময়ে আমদানীকৃত কয়লার পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১০ হাজার টনের চেয়ে ৫০ দশমিক শূন্য ৫ শতাংশ বেশি।
সংস্থাটি আরো জানায়, চলতি অর্থবছরের মে মাসের তুলনায় জুনে উল্লেখযোগ্য ও কম ব্যবহূত বন্দরগুলোর মাধ্যমে কয়লা আমদানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৭৬ শতাংশ।
এমজাংশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিনয় ভার্মা বলেন, জুনে আমদানি যে পরিমাণ হ্রাস পেয়েছে তা অনেকটাই সামান্য ও প্রত্যাশিত লক্ষ্যমাত্রার মধ্যেই ছিল।
বর্ষাকালেও এ ধারা অব্যাহত থাকতে পারে।
কারণ এ সময়ে সমুদ্রপৃষ্ঠের মাধ্যমে বহনকৃত কয়লার দাম বহু বছরের মধ্যে উচ্চ অবস্থানে থাকে।
এদিকে কিছু ক্রেতা আমদানীকৃত কয়লার চেয়ে অভ্যন্তরীণ কয়লার দিকে নিজেদের চাহিদা স্থানান্তর করেছে।
সমুদ্রপথে আমদানীকৃত কয়লার দাম কমে আসার পরও তারা এ চাহিদা অব্যাহত রাখলে আমদানির পরিমাণে এ হ্রাসের হার বজায় থাকতে পারে।
জুনে আমদানীকৃত কয়লার মধ্যে নন-কুকিং কয়লার পরিমাণ ছিল ১ কোটি ৩১ লাখ টন।
গত অর্থবছরের একই সময়ে ৮২ লাখ ৮০ হাজার টন নন-কুকিং কয়লা আমদানি করেছিল ভারত।
জুনে কুকিং কয়েল আমদানির পরিমাণ ছিল ৪০ লাখ ৬০ হাজার টন, গত বছরের একই সময়ে কুকিং কয়লা আমদানির পরিমাণ ছিল ২৪ লাখ ৬০ হাজার টন।
গত বছরের তুলনায় চলতি বছরের এপ্রিল থেকে জুনে ভারতের মোট কয়লা আমদানির পরিমাণ ৩২ দশমিক ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ১০ লাখ টন।
গত বছরের এ সময়ে দেশটির মোট কয়লা আমদানির পরিমাণ ছিল ৪ কোটি ৬১ লাখ টন।
জুনে শেষ হওয়া প্রান্তিকে ভারতের নন-কুকিং কয়লা আমদানির পরিমাণ ছিল ৪ কোটি ২০ লাখ টন, গত বছরের একই সময়ে (এপ্রিল-জুন) আমদানির পরিমাণ ছিল ৩ কোটি ১০ লাখ টন। একই সময়ে কুকিং কয়লা আমদানির পরিমাণ ছিল ১ কোটি ৩২ লাখ টন, যা গত বছর ছিল ৮৮ লাখ ৭০ হাজার টন।










