বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। গত দুই সপ্তাহে সর্বনিম্নে নেমেছে পণ্যটির দাম। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় ১ শতাংশ কমেছে। আউন্সপ্রতি মূল্য নেমেছে ২ হাজার ৩৭৪ ডলার ৮৪ সেন্টে, যা ১০ জুলাইয়ের পর সর্বনিম্ন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য নেমেছে ২ হাজার ৩৭৪ ডলার ২০ সেন্টে।
স্পট মার্কেটে গতকাল রুপার দাম আগের দিনের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২৭ ডলার ৯১ সেন্টে, যা ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
প্লাটিনামের দামও গত তিন মাসে সর্বনিম্নে নেমেছে। গতকাল দাম কমেছে আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নেমেছে ৯৩৪ ডলার ৭০ সেন্টে। প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ৯১০ ডলার ৭৫ সেন্টে নেমে এসেছে।
এদিকে অনেকদিন থেকেই সুদহার কমানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সুদহার কমালে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়বে। রয়টার্সের একটি জরিপ অনুযায়ী, আগামী মাসে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে। অন্যদিকে চলতি বছর প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম আউন্সপ্রতি ১ হাজার ডলারের নিচে থাকার সম্ভাবনা রয়েছে।










