রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে সরকারের ‘রিভলভিং ফান্ড’-এর আওতায় ক্রেডিট হোলসেলিং এবং জাইকা অর্থায়িত ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (এফভিসিআইপি) অধীনে এ অংশীদারত্ব নিশ্চিত করা হয়। সাম্প্রতিক সময়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং উইমেন অন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভানেত্রী নাসরিন ফাতেমা আউয়াল। শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
মূলত দেশের এসএমই খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে সরকার ৩০০ কোটি টাকার একটি ‘রিভলভিং ফান্ড’ গঠন করেছে। এ তহবিলের অধীনে এনসিসি ব্যাংক এখন থেকে যোগ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করতে পারবে। অন্যদিকে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বা জাইকার অর্থায়নে পরিচালিত এফভিসিআইপি প্রকল্পের মাধ্যমে কৃষিভিত্তিক ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। এ প্রকল্পের আওতায় এনসিসি ব্যাংক এসএমই ফাউন্ডেশন থেকে নির্দিষ্ট ক্রেডিট লিমিট পাবে, যা দিয়ে নির্ধারিত নীতিমালা অনুযায়ী উদ্যোক্তাদের ঋণ সহায়তা দেয়া হবে।










