চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সিটিজেনস ব্যাংক পিএলসি তার ‘লোহাগাড়া শাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে সম্প্রতি শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি আলমগীর হোসেন গ্রাহকদের ক্রমবর্ধমান আর্থিক চাহিদা পূরণের লক্ষ্যে নতুন শাখায় অত্যাধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। সিটিজেনস ব্যাংক কর্তৃক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে বিশেষ গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ লক্ষ্যে ব্যাংক কাস্টমাইজড অর্থায়ন সমাধান, কার্যকরী মূলধন সহায়তা, ট্রেড ফাইন্যান্স সুবিধা এবং পরামর্শমূলক সেবা প্রদান করবে, যাতে স্থানীয় উদ্যোক্তারা আরো দক্ষভাবে ব্যবসা সম্প্রসারণ ও প্রতিযোগিতায় সক্ষম হতে পারেন। এছাড়া ক্ষুদ্র গ্রাহকদের বিভিন্ন ধরনের আমানত, ভোক্তা ঋণ, রেমিট্যান্স সেবা এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা দেয়া হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যাংক খাত নিয়ে মতামত তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।










