দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে পেঁয়াজের দাম। আমদানি বাড়ায় দাম কমছে বলে জানিয়েছেন বন্দরসংশ্লিষ্টরা। তিনদিনের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৬ টাকা করে।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪০-৪৩ টাকা দরে বিক্রি হয়েছিল। রোববার দাম কমে ৩৫-৩৮ টাকায় নেমে যায়। গতকাল দাম আরো এক ধাপ কমে ৩৪-৩৭ টাকায় নেমেছে। নতুন পেঁয়াজ আসা শুরু করলে দাম আরো কমবে বলে জানান ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ভারতের মোকামগুলোয় এরই মধ্যে নতুন নাসিক ও ইন্দোর জাতের শীতকালীন কাঁচা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এসব জাতের পেঁয়াজ নভেম্বরের শেষের দিকে দেশে ঢুকবে। এ সময় পেঁয়াজের দাম আরো কমে আসবে।

হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি গত সপ্তাহের তুলনায় বেড়েছে। গত বৃহস্পতিবার বন্দর দিয়ে নয়টি ট্রাকে ২০৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। শনিবার ১৮টি ট্রাকে ৪৮৫ টন পেঁয়াজ আমদানি হয়। এটি গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ আমদানি।