ইউরোপ মহাদেশ এবং আলাদাভাবে যুক্তরাজ্যে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস রফতানি বাড়িয়েছে নরওয়ে। জুলাইয়ে দেশটির রফতানি মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্চের পর রক্ষণাবেক্ষণজনিত কারণে নরওয়ের রফতানি হ্রাস পেয়েছিল। এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস এ তথ্য জানিয়েছে।

জুলাইয়ে নরওয়ে সব মিলিয়ে ৯১৪ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস রফতানি করে। রফতানি জুনের তুলনায় ২২ শতাংশ এবং গত বছরের জুলাইয়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। মার্চে রফতানির পরিমাণ ছিল ৯৩০ কোটি ঘনফুট।

জুলাইয়ে যুক্তরাজ্যে গ্যাস রফতানি দ্রুত বৃদ্ধি পায়। এ সময় দেশটিতে ১৯১ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়। জুনে সরবরাহের পরিমাণ ছিল ১৩৭ কোটি ঘনফুট। যুক্তরাজ্যে গ্যাস রফতানিতে প্রধান ভূমিকা রেখেছে মার্টিন লিঞ্জ নামক জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্র। নরওয়ের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ইকুইনরের মালিকানাধীন এ কেন্দ্র থেকে সরাসরি যুক্তরাজ্যের সেন্ট ফারগাস টার্মিনালে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়।

অন্যদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডসেও রফতানি বাড়িয়েছে নরওয়ে। দেশটিতে ২৪৪ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়। জুনে সরবরাহের পরিমাণ ছিল ১৮০ ঘনফুট। নেদারল্যান্ডস ২০১৮ সালের পর সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাস আমদানি করে চলতি বছরের জুলাইয়ে।

এদিকে জার্মানিতে নরওয়ের প্রাকৃতিক গ্যাস রফতানি কিছুটা বেড়েছে। জুনে ১৮৮ ঘনফুট রফতানি করা হলেও জুলাইয়ে তা বেড়ে ১৯৪ ঘনফুটে উন্নীত হয়। ফ্রান্সে সরবরাহ বেড়ে ১৫৬ ঘনফুট ও বেলজিয়ামে ১২৯ ঘনফুটে পৌঁছেছে।