আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
সোমবার পণ্যটির মূল্য ৫ শতাংশেরও বেশি বেড়ে পায়।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, ডলারের বিনিময় মূল্য কমে যাওয়া এবং বৈশ্বিক শেয়ারবাজারে প্রবৃদ্ধি অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সহায়তা করেছে।
খবর রয়টার্স।
টানা সাত কার্যদিবস নিম্নমুখী ছিল অপরিশোধিত জ্বালানি তেলের বাজার।
তবে সোমবার পণ্যটির বাজার চাঙ্গা হয়ে ওঠে।
লন্ডনের আইসিই ফিউচার এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্টের দাম ৫ দশমিক ৫ শতাংশ বা ৩ ডলার ৫৭ সেন্ট বৃদ্ধি পায়।
কার্যদিবস শেষে ব্যারেলপ্রতি পণ্যটির মূল্য দাঁড়িয়েছে ৬৮ ডলার ৭৫ সেন্টে।
এর আগে পণ্যটির দাম সর্বনিম্ন ৬৪ ডলার ৬০ সেন্টে নেমে গিয়েছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫ দশমিক ৬ শতাংশ বা ৩ ডলার ৫০ সেন্ট বেড়েছে।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) দিন শেষে পণ্যটির ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৬৫ ডলার ৬৪ সেন্টে।
রয়টার্স জানায়, গত সপ্তাহে দুই বাজার আদর্শের দামই নয় মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল।
এ সময় ব্রেন্টে দাম ৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯ শতাংশ হ্রাস পায়।










