লাইফস্টাইল ও আতিথেয়তা খাতে লন্ডনভিত্তিক পরিচিত প্রতিষ্ঠান এনিসমোর দুবাইয়ে চালু করতে যাচ্ছে আইকনিক ডেলানো হোটেল। সম্প্রতি এনিসমোরের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে দুবাই হোল্ডিং। এর আওতায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জনবহুল শহর দুবাইয়ে ব্লুওয়াটার্স আইল্যান্ডে চালু হবে এ হোটেল। এর আগে গত বছর এনিসমোরের সঙ্গে চুক্তির সূত্রে একই দ্বীপে চালু হয় আরেকটি পর্যটন গন্তব্য বেনিয়ান ট্রি দুবাই। এ বিষয়ে দুবাই হোল্ডিংয়ের গ্রুপ সিইও অমিত কৌশল বলেন, ‘ডেলানো দুবাইয়ের যাত্রা বিলাসবহুল আতিথেয়তায় এ অঞ্চলের নতুন মান তৈরি হবে। এ উদ্যোগ নেতৃস্থানীয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে শক্তিশালী করবে। আমরা আগেই এ প্রতিশ্রুতি দিয়েছিলাম। বেনিয়ান ট্রি দুবাইয়ের উদ্বোধনের পর ব্লুওয়াটার্স দুবাইয়ের বিবর্তনের আরেকটি পর্যায় হবে ডেলানো হোটল। এ মাইলফলকের সঙ্গী হতে পেরে আমরা গর্বিত।’ ডেলানো দুবাইয়ে ৮৪টি সুইটসহ ২৫১টি অতিথি কক্ষ থাকবে। বিশেষায়িত সুবিধার মধ্যে থাকবে প্রাইভেট পুল, রান্নাঘরসহ অন্যান্য পরিষেবা। সুইমিং পুলের জলে ভেসে সমুদ্র দৃশ্য উপভোগের সুবিধা থাকবে। নির্জনতা উপভোগের জন্য রাখা হচ্ছে বিশেষ স্থান। এছাড়া খাদ্য ও পানীয়ের ক্ষেত্রে থাকছে অসংখ্য বিকল্প ও আন্তর্জাতিক রেস্তোরাঁর শাখা। এনিসমোর ২০২৪ সালে লন্ডনভিত্তিক আবাসন খাতের বিনিয়োগকারী কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি অংশীদারত্বে প্রবেশ করে। এর মাধ্যমে আইকনিক ডেলানো ব্র্যান্ডের বিশ্বব্যাপী সম্প্রসারণে কাজ করছে তারা। খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস