জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে একটি দক্ষ জাতি গঠন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, আগে যেমন শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করা হয়েছে, এবার তেমনি তরুণ জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে বৈপ্লবিক পদক্ষেপ নেয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

সভায় প্রতিনিধি দল দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্ত্রীর কাছে কিছু পরিকল্পনা জমা দেন। শিক্ষামন্ত্রী এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক ও গবেষকদের সহযোগিতা কামনা করেন।

ড. এহসানুল হক মিলন এর আগে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময়ে তিনি তরুণদের পেশাভিত্তিক দক্ষতা বাড়াতে বিভিন্ন কারিকুলাম প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মতবিনিময়ের সময় প্রতিনিধি দল দেশে উচ্চশিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে কর্মমুখী শিক্ষা ও তরুণদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

Photo-1

সভার শুরুতেই বিশ্ববিদ্যালয় দুটির পক্ষ থেকে শিক্ষামম্নত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভার শুরুতে দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কর্মকর্তারা ব্যস্ততার মাঝে সময় দেয়ার জন্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের যেকোনো ভালো উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তারা আশা প্রকাশ করেন, শিক্ষামন্ত্রী যেভাবে আগে নকলমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করেছিলেন, তেমনিভাবে দক্ষ জাতি গঠনেও তিনি সফল হবেন।

—বিজ্ঞপ্তি