অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
চুক্তির আওতায় দেশের এসএমই খাতের উৎপাদনশীল শিল্প, ব্যবসায়িক ক্লাস্টার এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেয়া হবে। পাশাপাশি কৃষিনির্ভর শিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে স্বল্প সুদে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির অধীনে ঋণের সুদের হার ৮ শতাংশ এবং জাইকা অর্থায়িত ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (এফভিসিআইপি) আওতায় ৯ শতাংশ সুদের হার নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে আইপিডিসি ও এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










