রাজধানীর গুলশানে হোটেল প্রাঙ্গণে গতকাল ‘‌দ্য মাদারহুড মুভমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।

সম্মননাপ্রাপ্ত নারীরা হলেন শুমিস হট কেক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফারজানা শেখ শুমি; ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের উপপরিচালক ও মানবসম্পদ প্রধান ফারজানা রহমান বেনু; বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের সহসভাপতি সায়মা শওকত; হোটেল ইন্টারকন্টিনেন্টালের কমি শেফ আনজুমানআরা শিলা এবং ডি-মার্টের স্বত্বাধিকারী কানিজ ফাতেমা।

এদিকে বিশ্ব মা দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করে ব্র্যাক ব্যাংক ও ক্রাউন প্লাজা। প্রথমবারের মতো হোটেলটির বলরুমে আয়োজন করা হয় ‘মাদার্স মার্কেট’, যেখানে ব্যাংকের ‘তারা’ প্রডাক্ট থেকে সেবাগ্রহণকারী বিভিন্ন নারী উদ্যোক্তা নিজেদের পণ্যের স্টল স্থাপন করেন। এসব স্টলে প্রায় ৩০টি নারী নেতৃত্বাধীন ব্র্যান্ড তাদের হস্তশিল্প, ফ্যাশন পণ্য, হাতে তৈরি গহনা, খাবার, গৃহসজ্জার সামগ্রীসহ নানা সৃজনশীল ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করে। বেলা ১১টায় এ মাদার্স মার্কেটের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সহধর্মিণী ফিলিপা অ্যান উড। এ সময় নারী উদ্যোক্তাদের স্টল পরিদর্শন শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের নারীরা অনেক বেশি সৃজনশীল ও কর্মঠ। নিজেদের উদ্ভাবনী দক্ষতা দিয়ে তারা অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সঠিক নির্দেশনা ও আর্থিক সহায়তা পেলে তাদের অনেক কিছু করার সম্ভাবনা আছে।’

অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং কমিউনিটি সম্পৃক্ততাকে উৎসাহিত করতে এমন অর্থবহ আরো প্লাটফর্ম তৈরির প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন গুলশান ক্রাউন প্লাজার জেনারেল ম্যানেজার কার্থি ভিকে ও ব্র্যাক ব্যাংক তারার প্রধান মেহরুবা রেজা। তারা বলেন, আধুনিক মায়েদের আবেগ, সংগ্রাম, সাফল্য ও দৃঢ়তাকে সম্মান জানাতেই এ আয়োজন। এর ফলে তারা কমিউনিটির সঙ্গে সংযুক্ত হতে, নিজেদের ব্যবসা তুলে ধরতে এবং অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতে সক্ষম হবেন।

বিকালে ‘প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় ‘ব্যালান্সিং ওয়ার্ক অ্যান্ড মাদারহুড’ শীর্ষক নেতৃত্ব অধিবেশন। এতে পরিবার, ক্যারিয়ার ও উদ্যোক্তা জীবন একসঙ্গে সামলানো মায়েদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়। ক্রাউন প্লাজার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় এ অধিবেশনে কথা বলেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটস অ্যান্ড ইনিশিয়েটিভসের প্রধান তাপতি বোস, পেট্রোম্যাক্স এলপিজির নির্বাহী পরিচালক তাসলিমা জাইগিরদার, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা ও রবি আজিয়াটা পিএলসির সিনিয়র ডিরেক্টর অনামিকা ভক্ত।