খাদ্যশস্যের বৈশ্বিক বাজারে ক্রমে নিজেদের অবস্থান পোক্ত করছে ইউক্রেন। অনুকূল আবহাওয়ায় উৎপাদন ভালো হওয়ায় চলতি বিপণন মৌসুমের প্রথম দুই মাসেই দেশটির খাদ্যশস্য রফতানি ১০ শতাংশ বেড়েছে। ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর নাসডাক ও রয়টার্স।

ইউক্রেনে ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে গত জুলাইয়ে। মৌসুম শুরুর প্রথম দুই মাসে দেশটি ৭০ লাখ টন খাদ্যশস্য রফতানি করে। গত বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৬৪ লাখ টন।

সরকারি তথ্য বলছে, মোট রফতানীকৃত খাদ্যশস্যের মধ্যে ৩৪ লাখ টন গম, ২৪ লাখ টন যব ও ১১ লাখ ৮০ হাজার টন ভুট্টা রফতানি করা হয়েছে। চলতি বছর ৭ কোটি ৬০ লাখ টন খাদ্যশস্য মাড়াইয়ের পরিকল্পনা রয়েছে ইউক্রেনের। গত বছর মাড়াই করা হয়েছিল ৬ কোটি ৫০ লাখ টন।

মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে কৃষকরা চলতি বছরের গম সংগ্রহ প্রায় সম্পন্ন করেছেন। আবাদকৃত ৯৭ দশমিক ৬ শতাংশ জমি থেকে ৩ কোটি ২০ লাখ টন গম মাড়াই করা হয়েছে।

ইউক্রেন ২০২০-২১ বিপণন মৌসুমে সব মিলিয়ে ৪ কোটি ৪৭ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছিল। এর মধ্যে ২ কোটি ৩১ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬৬ লাখ টন গম ও ৪২ লাখ টন যব রফতানি করা হয়।