বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে দেশটিতে জ্বালানি তেলের মজুদ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এমন প্রেক্ষাপটে গতকাল বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। খবর রয়টার্স, দ্য হিন্দু বিজনেস লাইন।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৮৫ ডলার ৬৬ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেলে ৭৫ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৮৩ ডলার ৬০ সেন্ট।

ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ গত সপ্তাহে ৪৯ লাখ ব্যারেল কমেছে। এর আগে রয়টার্সের এক জরিপে বিশ্লেষকরা ৩০ হাজার ব্যারেল মজুদ হ্রাসের পূর্বাভাস দিয়েছিলেন। অন্যদিকে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট ট্রেড গ্রুপ এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৪৪ লাখ ব্যারেল কমতে পারে বলে জানিয়েছিল।

এ বিষয়ে ফিলিপ নোভার সিনিয়র বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেভা বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে চাহিদা বৃদ্ধির আভাস থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। মজুদ হ্রাস ছাড়াও দেশটিতে গ্রীষ্মকালীন পর্যটন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি তেলের চাহিদা

আরো বাড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমালে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।’

যুক্তরাষ্ট্রে সম্প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়ার সম্ভাবনা থাকলেও আগামী বছর বিশ্বব্যাপী তা কমে যেতে পারে। এক পূর্বাভাসে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) জানিয়েছে, আগামী বছর নাগাদ বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা দৈনিক ৫০ হাজার ব্যারেল কমে দৈনিক ৯ লাখ ৮০ হাজার ব্যারেলে নেমে আসতে পারে। তবে চলতি বছরের জন্য জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস আগের প্রাক্কলনের তুলনায় অপরিবর্তিত রেখেছে আইইএ। গত মাসে দেয়া পূর্বাভাসে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা দৈনিক ৯ লাখ ৭০ হাজার ব্যারেলে পৌঁছতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি। এদিকে মে মাসে রেকর্ড আমদানির পর জুনে ভারতের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমেছে। গত চার মাসে সর্বনিম্নে নেমেছে দেশটির আমদানি।

পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেলের (পিপিএসি) ডাটা অনুযায়ী, ভারতে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি জুনে এর আগের মাসের তুলনায় ১৫ শতাংশ ও গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ শতাংশ কমেছে। এ সময় দেশটি মোট ১ কোটি ৮৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে।

এর আগে মে মাসে ভারত রেকর্ড ২ কোটি ১৮ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল। সে সময় অটো ফুয়েলের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশটির পরিশোধনাগারগুলো আমদানি বাড়িয়েছিল।