দেশকে এগিয়ে নিতে হলে বাহ্যিক অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ মূল্য সংযোজন ও টেকসই উন্নয়নে মনোযোগ দেয়ার তাগিদ দিয়েছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ইকোনমিকস ক্লাব আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন হলে ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের পরবর্তী বিশ্লেষণ ও বাংলাদেশ অর্থনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ সম্পদ ও আয় বণ্টন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর সামষ্টিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি তৈরি পোশাক খাতকে স্বাবলম্বী করার এবং রফতানি পণ্যের অর্থ দেশে ফিরিয়ে আনার তাগিদ দেন। এনবিআর সুসংগঠিত না হওয়ায় দেশে কর-জিডিপি অনুপাত কম বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া ঋণের সুদ পরিশোধে প্রচুর সম্পদ ব্যয় হওয়ায় বাজেট বাস্তবায়ন ব্যাহত হচ্ছে জানান তিনি। বিগত সরকারের মেগাপ্রকল্পের উচ্চ ব্যয়ের কারণে অর্থনীতিতে অতিরিক্ত অর্থ সরবরাহ হয়ে উচ্চ মূল্যস্ফীতি তৈরি হয়েছে বলেও তিনি জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিইউবিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। তিনি বাজেটের গভীর বিশ্লেষণ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও মান নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে না ছেড়ে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে পরিচালনা করার পরামর্শ দেন। একই সঙ্গে মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি ও বিইউবিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়নের গতিপথ নির্ধারণে বাজেট-পরবর্তী বিশ্লেষণ অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের সভাপতি ও বিইউবিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান জানান, এ ধরনের অ্যাকাডেমিক উদ্যোগ তরুণদের অর্থনীতি বিষয়ে আগ্রহী করে তোলে।

অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারেক ইমাম জাহিদ ও মো. রাকিবুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান।

সেমিনারের বিশেষজ্ঞরা একমত হন যে, বাজেটের সাফল্য নির্ভর করে দক্ষ বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির ওপর। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই সেমিনারে দেশের রাজস্ব নীতি ও ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।— সংবাদ বিজ্ঞপ্তি