উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম লিটার প্রতি ৩৯ দশমিক ৫৭ টাকা কমিয়ে ১৬৫ দশমিক ৮৮ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারে ১ দশমিক ০৮২৩ ডলার দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম আজ শনিবার দিবাগত রাত ১২টার পর কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দামের উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ায় বাংলাদেশের এনার্জি রেগুলেটরি আইন অনুসারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামের সমন্বয় করা হয়েছে।
সবশেষ গত ৭ মে প্রতি লিটারে জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করেছিল বিইআরসি।









