আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গতকাল কিছুটা বেড়েছে। তবে চলতি সপ্তাহে নিম্নমুখী প্রবণতায় রয়েছে পণ্যটির দাম। খবর রয়টার্স।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিম্নমুখী হওয়ার পেছনে ভূমিকা রেখেছে দুটি বিষয়। প্রথমত, যুক্তরাষ্ট্রে প্রত্যাশিত হারে কর্মসংস্থান বাড়েনি। দ্বিতীয়ত, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির আলোচনা চলতে থাকায় জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি কমেছে।
ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম চলতি সপ্তাহে এ পর্যন্ত প্রায় ৩ শতাংশ কমেছে। মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে আগের তুলনায় প্রায় ৫ শতাংশ।
এদিকে গতকাল ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ব্রেন্টের দাম আগের দিনের তুলনায় ১৬ সেন্ট বা দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৭ ডলার ৩৮ সেন্টে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম আগের দিনের তুলনায় ১৫ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৩ ডলার ১৬ সেন্টে।
উভয় বাজার আদর্শেই চলতি সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য জানুয়ারির পর সর্বনিম্ন।
বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহারের দিক থেকে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটিতে একটি সম্ভাব্য অর্থনৈতিক মন্দার বিষয়ে উদ্বেগে চাহিদা নিম্নমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।










