ইলেক্ট্রোমার্ট গ্রুপ সম্প্রতি ‘এশিয়া প্যাসিফিক অন্ট্রাপ্রেনিউর অ্যাওয়ার্ডস ২০২৬’-এ টেকসই ও ইএসজি এক্সিলেন্স ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন ও বিপণন করে থাকে। ইলেক্ট্রোমার্ট গ্রুপ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্প্রতি সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক উদ্যোক্তা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় দেশটির সংস্কৃতি, সম্প্রদায় এবং যুব ও জনশক্তিমন্ত্রী দীনেশ বাসু দাশের উপস্থিতিতে ইলেক্ট্রোমার্ট গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছারের হাতে সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়।
ইলেক্ট্রোমার্ট গ্রুপ জানিয়েছে, মূলত পরিবেশগত টেকসই উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা সংরক্ষণ, অংশীজনদের চাওয়া-পাওয়ার মধ্যে সামঞ্জস্য রক্ষা, ব্র্যান্ড ইকুইটি প্রবৃদ্ধি এবং আর্থিক পারফরম্যান্সে উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়।
গ্রুপের ডিএমডি নুরুল আফছার বলেন, ‘প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে, যা আগামীর পথচলার প্রতিটি মুহূর্তে আমাদের আরো দায়িত্বশীল ও কর্মে অনুপ্রেরণা দেবে। গ্রাহক, শুভানুধ্যায়ী, ক্রেতা ও ভোক্তাদের অবিচল আস্থা, অফুরন্ত ভালোবাসা এবং নির্ভরতার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, বিশ্বের ১৮০টির বেশি দেশে সমাদৃত ইলেকট্রনিকস ব্র্যান্ড কনকা ও গ্রী ইলেক্ট্রো মার্ট গ্রুপের হাত ধরে বাংলাদেশে যাত্রা করে। গ্রাহকদের আস্থা, বিশ্বমানের পণ্য এবং নিরবচ্ছিন্ন চাহিদার কারণে প্রতিষ্ঠানটি ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গ্রুপটি ২০১৮ সাল থেকে গ্লোবাল ব্র্যান্ড কনকা ও গ্রী এবং নিজস্ব ব্র্যান্ড হাইকো ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী নারায়ণগঞ্জে স্থাপিত কারখানায় উৎপাদন করছে। চীনের যৌথ প্রযুক্তি সহায়তার মাধ্যমে গ্রাহকদের পরিবেশবান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নিত্যনতুন পণ্য সরবরাহ করে যাচ্ছে।










