বেবি পাউডার ও ট্যালকমভিত্তিক পণ্যের বিরুদ্ধে করা হাজারো মামলা নিষ্পত্তিতে ৫৫০ কোটি ডলার পরিশোধের প্রস্তাব দিয়েছে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে)। এসব মামলায় অভিযোগ করা হয়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির ট্যালকম পাউডার ব্যবহারকারীদের মধ্যে ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি তৈরি করেছে। খবর বিবিসি।
সমঝোতা কার্যকর হলে বহু বছর ধরে চলা একটি বড় আইনি বিরোধের অবসান হতে পারে। নিউ জার্সিভিত্তিক প্রতিষ্ঠানটির ওপর এসব মামলার প্রভাব ছিল দীর্ঘদিন ধরে। তবে জেঅ্যান্ডজে ফের অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, জেঅ্যান্ডজের ট্যালকমভিত্তিক পণ্য ক্যানসারের কারণ নয়। এরই মধ্যে জনপ্রিয় বেবি পাউডারের উপাদানও পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির লিটিগেশনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিক হাস বলেন, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। তবু দীর্ঘ আইনি প্রক্রিয়ার ইতি টানতেই কোম্পানি সমঝোতার পথে এগোচ্ছে।
জেঅ্যান্ডজের ভাষ্য, প্রস্তাবিত সমঝোতার আওতায় প্রায় ৭৬ হাজার মামলা নিষ্পত্তি করা হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর সর্বোচ্চ ৩০০ কোটি ডলার পরিশোধ করা হবে। এরপর ২০২৮ সালের আগে অতিরিক্ত অর্থ পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না।
তবে এ সমঝোতা কার্যকর করতে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতে জেঅ্যান্ডজের বিরুদ্ধে এসব মামলা চলছে। বাদীদের পক্ষে মামলা পরিচালনা করছে বিভিন্ন আইনজীবী প্রতিষ্ঠান। ৯৫ শতাংশ বা তার বেশি মামলার প্রতিনিধিত্বকারী আইনজীবীরা সমঝোতায় রাজি হলেই চুক্তিটি চূড়ান্ত হবে।










