বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর মধ্যে ইরাক অন্যতম। দেশটি মে ও জুনে দৈনিক গড়ে ৩২ লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানি করতে পারে। এটি এর আগের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্য কম। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ইরাকি কর্মকর্তা।
ইরাকের এ রফতানি হ্রাস ওপেক প্লাসের বেঁধে দেয়া কোটার তুলনায় অতিরিক্ত উত্তোলন সমন্বয়ের অংশ বলে জানান ওই কর্মকর্তা। ইরাকের জ্বালানি মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, মার্চে ইরাক মোট জ্বালানি তেল রফতানি করেছিল দৈনিক গড়ে ৩৪ লাখ ২০ হাজার ব্যারেল। সরকারিভাবে এপ্রিলের রফতানির পরিমাণ এখনো প্রকাশ করেনি ইরাক। তবে ডাটা বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, এপ্রিলে ইরাক দৈনিক গড়ে ৩৩ লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানি করেছে।
পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। সংগঠনটি ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে জ্বালানি তেল উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে হালনাগাদ করা ক্ষতিপূরণ পরিকল্পনার লক্ষ্য হলো, নির্ধারিত সদস্য দেশগুলোর উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত বাস্তবায়ন করা।










