ধাতবপণ্যের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের নির্মাণ খাতে কিছুটা প্রসার ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলোয়ও লাভের পরিমাণ বাড়ছে। এ কারণে গতকাল ফিউচার মার্কেটে ঊর্ধ্বমুখী হয়েছে আকরিক লোহার দাম। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) আগামী বছরের জানুয়ারিতে সরবরাহের জন্য আকরিক লোহার দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৭৩৮ ইউয়ানে (১০৩ ডলার ৪৬ সেন্ট)। 

অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের জন্য আকরিক লোহার দাম আগের দিনের তুলনায় দশমিক ৪১ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য পৌঁছেছে ৯৮ ডলার ৭ সেন্টে।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জেও ইস্পাত তৈরির বিভিন্ন উপাদানের দাম তুলনামূলক ধীরগতিতে বাড়ছে।

রেবারের দাম বেড়েছে আগের দিনের তুলনায় দশমিক ৪১ শতাংশ। হট-রোল্ড কয়েলের দাম আগের দিনের তুলনায় দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। স্টেইনলেস স্টিলের দাম দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। তবে ওয়্যার রডের দাম আগের দিনের তুলনায় দশমিক ২৫ শতাংশ কমেছে।