জলবায়ু পরিবর্তনের পেছনে যেসব কারণ দায়ী তার মধ্যে অন্যতম জীবাশ্ম জ্বালানি। পৃথিবীর উষ্ণতা কমাতে জীবাশ্ম জ্বালানি থেকে বের হয়ে আসছে বিভিন্ন দেশ। গুরুত্ব দেয়া হচ্ছে নবায়নযোগ্য জ্বালানিতে। এরই অংশ হিসেবে সৌর ও বায়ুবিদ্যুতে বিনিয়োগ বেড়েছে। তুরস্কের বায়ুবিদ্যুৎ খাতেও নতুন বিনিয়োগের খবর মিলেছে। দেশটিতে ১০৯ কোটি ডলার বিনিয়োগ করবে স্প্যানিশ-জার্মান বহুজাতিক কোম্পানি নরডেক্স গ্রুপ। খবর আনাদোলু এজেন্সি।

নরডেক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হোসে লুইস ব্লাঙ্কো জানান, তুরস্কের সমুদ্রতীরে বায়ুবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চায় নরডেক্স গ্রুপ। এজন্য প্রায় ১০০ কোটি ইউরো বা ১০৯ কোটি ডলার বিনিয়োগ করা হবে।

তুরস্কের বায়ুবিদ্যুতে নরডেক্সের বিনিয়োগের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে ওয়াইন্ডইউরোপ। ইউরোপজুড়ে বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়াতে কাজ করছে সংস্থাটি। ব্রাসেলসভিত্তিক এ সংস্থার বর্তমানে ৫০টি দেশে ৫০০-এর বেশি সদস্য রয়েছে। ওয়াইন্ডইউরোপের কৌশলগত সফরের অংশ হিসেব গত সপ্তাহে স্পেনে গিয়েছিলেন হোসে লুইস ব্লাঙ্কো। সেখানে তিনি একটি বিশেষ সাক্ষাৎকার দেন আনাদোলু এজেন্সিকে। তিনি বলেন, ‘‌বায়ুবিদ্যুৎ সক্ষমতা আগামী বছরের মধ্যে ১ গিগাওয়াট করার পরিকল্পনা করছে নরডেক্স। তবে বিদ্যমান অবকাঠোমাগুলো পূর্ণমাত্রায় চালু হলে সক্ষমতা ৩ দশমিক ৫ গিগাওয়াটে উন্নীত হবে।’

সাক্ষাৎকারে হোসে লুইস ব্লাঙ্কো তুরস্কের প্রশংসা করেছেন। বিশেষ করে দেশটি বায়ুবিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হয়ে উঠছে। বিস্তৃত উন্মুক্ত অঞ্চল এবং বিশাল সমুদ্রতীরে বিনিয়োগের সুযোগ করে দেয়ায় তুরস্কের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। কভিড-১৯ মহামারীজনিত সরবরাহ চেইনে প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা এবং বায়ুবিদ্যুতের সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে তুরস্কের সক্ষমতারও প্রশংসা করেছেন হোসে লুইস ব্লাঙ্কো।

বিশ্লেষকরা জানান, বায়ুবিদ্যুৎ খাতের সরবরাহ চেইন তৈরিতে নেতৃত্ব দিয়ে এশিয়ার জন্য একটি বিকল্প নেটওয়ার্ক তৈরি করতে পারবে তুরস্ক। এরই মধ্যে দেশটি একটি নিয়ন্ত্রক কাঠামো ও প্রণোদনা নীতি তৈরি করেছে। স্থানীয় পর্যায়ে বায়ুবিদ্যুতের সরঞ্জাম উৎপাদনে অগ্রগতি অর্জন করেছে। নবায়নযোগ্য জ্বালানি আইনের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য আরো বিকল্প তৈরি করা হচ্ছে। দেশটির তরুণ ও প্রতিভাবান শ্রমশক্তি অভ্যন্তরীণ বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।