রাজধানীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী ইন্টার-স্কুল রোবোকন এক্স টেকফেস্ট। শনিবার (৭ ফেব্রুয়ারি) উদ্বোধনী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন ও শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল রোবোটিক্স ক্লাব আয়োজিত এ উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম এ আন্তঃস্কুল প্রযুক্তি উৎসবের প্রথম দিন ছিল নানা আয়োজনে ভরপুর। প্রায় ১০ ঘণ্টাব্যাপী কর্মসূচির মধ্যে কোডিং প্রতিযোগিতা, উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন, প্রযুক্তি বিষয়ক কুইজ ও বিতর্ক সেশন অনুষ্ঠিত হয়। দিনভর এসব কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি উৎসবে ছিল নানারকম বিনোদনমূলক আয়োজন ও গেমের ব্যবস্থা।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও ভবিষ্যৎমুখী প্রযুক্তি নিয়ে ইতিবাচক আলোচনার সুযোগ তৈরি হয়েছে। আয়োজনটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগত বিভিন্ন সহযোগিতা দেয়া হচ্ছে। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বণিক বার্তা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও চ্যানেল আই।

আজ রোববার সন্ধ্যায় এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের সভাপতি ড. মো. সবুর খান। এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. মো. কায়কোবাদ এবং ব্র্যাকের উপদেষ্টা ড. জাফর উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
—বিজ্ঞপ্তি










